
আলীকদম, ৬ জুন ২০২৫: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলীকদম উপজেলা প্রশাসন ও ড্রিমার্স কনসালটেশন এন্ড ফাউন্ডেশন এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। গত ২৩ ও ২৪ মে ২০২৫ তারিখে আলীকদম সদর ও চৈক্ষ্যং ইউনিয়নে দুদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়। এই উদ্যোগে প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।
মেডিকেল ক্যাম্পে মোট ২৩ জন অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। তাঁরা নাক, কান, গলা, চেস্ট অক্সিমিটার, ডায়াবেটিস, রক্ত ও ইউরিন টেস্ট, ইসিজি, আলট্রাসনোগ্রাফি এবং বিভিন্ন থেরাপি বিনামূল্যে প্রদান করেন। আলীকদম সদরে ২,২৯৬ জন এবং চৈক্ষ্যং ইউনিয়নে ২,৭৬৬ জন রোগী এই সেবা গ্রহণ করেন। দুই ইউনিয়ন মিলিয়ে আনুমানিক ২০ লক্ষ টাকা মূল্যের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসন ভবিষ্যতে আরও এমন ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে। জনসাধারণকে এই ধরনের ক্যাম্প কোথায় আয়োজন করলে ভালো হবে, সে বিষয়ে পরামর্শ দিতে অনুরোধ করেছে উপজেলা প্রশাসন। একই সাথে, যারা পূর্ববর্তী ক্যাম্পে সেবা নিয়েছেন, তাদের কোনো অসুবিধা বা পরামর্শ থাকলে, সে বিষয়েও প্রশাসনকে জানাতে বলা হয়েছে। এই উদ্যোগটি স্থানীয়দের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :