আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন: পুরস্কার বিতরণ ও আলোচনা সভা


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জুন ৩, ২০২৫, ৮:১৮ পূর্বাহ্ন /
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন: পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আলীকদম (বান্দরবান), ০৩ জুন ২০২৫: আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আজ “জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫” উদযাপন উপলক্ষ্যে এক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সায়মা ইসলাম, ডাঃ মোহাম্মদ হাসান, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক এসএম জিয়াউদ্দিন জুয়েল।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সভায় বক্তারা “জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫”-এর মূল বার্তাগুলো তুলে ধরেন। বার্তাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো – পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ, খাবারের পুষ্টিমান ও নিরাপত্তা বজায় রাখা, চিনি ও লবণের ব্যবহার সীমিত করা, অতিরিক্ত ভাজা ও ফাস্টফুড বর্জন করা এবং শিশু ও প্রবীণদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বলেন, “সুস্থ জীবনের জন্য পুষ্টির গুরুত্ব অপরিহার্য। এই সপ্তাহ পালনের মাধ্যমে আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে এবং একটি স্বাস্থ্যকর জাতি গঠনে ভূমিকা রাখতে পারব।”

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “সরকার জনস্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে বদ্ধপরিকর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।”