আলীকদম কলেজের পাঠদান অনুমোদনের উজ্জ্বল সম্ভাবনা, সন্তোষ প্রকাশ কলেজ পরিদর্শকের


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : মে ২৪, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন /
আলীকদম কলেজের পাঠদান অনুমোদনের উজ্জ্বল সম্ভাবনা, সন্তোষ প্রকাশ কলেজ পরিদর্শকের

আলীকদম (বান্দরবান), ২৪ মে ২০২৫: দেশের এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত স্বতন্ত্র কলেজবিহীন উপজেলা ছিল আলীকদম। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও উদ্যোক্তারা আলীকদম কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলস্বরূপ চট্টগ্রাম শিক্ষা বোর্ড ২০২৪ সালের ২ ডিসেম্বর আলীকদম কলেজ স্থাপনের অনুমতি প্রদান করে।

এরই ধারাবাহিকতায়, আজ শনিবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক আলীকদম কলেজের পাঠদান অনুমতির সম্ভাব্যতা সরেজমিনে যাচাই করেন।

পরিদর্শনকালে সহকারী কলেজ পরিদর্শক কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জমি এবং নির্মাণাধীন ভবনসমূহ পরিদর্শন করেন এবং অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি কলেজের সার্বিক পরিবেশ এবং সুযোগ-সুবিধা নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, কলেজের বিদায়ী অধ্যক্ষ মুজিবুর রহমান, নবনিযুক্ত অধ্যক্ষ রহুল আমিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ, সি. যুগ্ম আহ্বায়ক মু. জুলফিকার আলী ভূট্টো, সাবেক ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, লামা কলেজের প্রভাষক গিয়াস উদ্দিন, রহিম উদ্দিন এবং আলীকদম প্রেসক্লাবের সভাপতি ও কলেজের উদ্যোক্তা-সদস্য মমতাজ উদ্দিন আহমদ।

এছাড়াও কলেজের দাতা সদস্য এবং স্থানীয় জনসাধারণও পরিদর্শনে অংশ নেন। সহকারী কলেজ পরিদর্শকের এই সন্তুষ্টি আলীকদম কলেজের পাঠদান অনুমোদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা, যা অচিরেই এই পিছিয়ে পড়া অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।