
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি, ১৬ মে ২০২৫: বান্দরবানের আলীকদম উপজেলায় আজ শুক্রবার বেলা ১১টার দিকে একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে থংয়া ম্রো (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ আরও অন্তত ২৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার মাংগু পাড়ার বাসিন্দারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি জিপে করে আলীকদম কলারঝিরি যাচ্ছিলেন। জিপটিতে থাকা সকলেই ম্রো সম্প্রদায়ের এবং একই পাড়ার বাসিন্দা। গন্তব্যে পৌঁছানোর আগে কলারঝিরি এলাকার জমিরাম পাড়ার কাছে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই থংয়া ম্রো নামের এক যুবকের মৃত্যু হয়। এছাড়াও নারী ও শিশুসহ অন্তত ২৪ জন গুরুতর আহত হন। আহতরা হলেন: পাচিং ম্রো, দাউরুই মুরং, বাইংইয়া মুরং, রেংচং মুরং, রুংইয়াং মুরং, লেংরাও মুরং, রুইপাও মুরং, মেনওয়াই মুরং, ইউংরাও মুরং, তুমিয়া মুরং, রুইতং মুরং, মাংওয়াই মুরং, রুইতং মুরং (২৪), তুমকাই, মেনরাও মুরং, চংরাইং মুরং, তংনাও মুরং, সংরুই মুরং, তুমইয়া মুরং (১১), ইয়ংএং মুরং, কুলেং মুরং, সিনগই মুরং, তুংওহি মুরং এবং ড্রাইভার শুকান্ত তংচঙ্গা।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পেয়েছি, একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে এবং ঘটনাস্থলেই একজন মারা গেছেন।
গুরুতর আহত ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে এবং বাকি ১৩ জনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং থানা পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের চিকিৎসার তদারকি করেন। পুলিশ নিহতের সুরতহাল তৈরি করেছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এছাড়া, চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আপনার মতামত লিখুন :