
মমতাজ উদ্দিন আহমদ:
৬৯ পদাতিক ব্রিগেড এবং বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার এস এম রাকিব ইবেন রেজওয়ান বলেছেন, বৈচিত্র্যময় বান্দরবান জেলায় ম্রো সম্প্রদায় বড় একটি অংশ। এ সম্প্রদায়কে উন্নত জীবন যাপনের স্বপ্ন দেখানোর জন্য শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। উন্নত জাতি বিনির্মাণে ম্রো শিক্ষার্থীদের সচেষ্ট হতে হবে। সেনা বাহিনী সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসহায়ক, খেলাধুলা, রেফ্রিজারেটর ও কম্বল বিতরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার এসএম রাকিব ইবনে রেজওয়ান এ কথা বলেন। আলীকদম সেনা জোনের ব্যবস্থাপনায় এবং ৬৯ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এসব সামগ্রী অনুদান প্রদান করা হয়। অপরদিকে, বুধবার আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার এসএম রাকিব ইবনে রেজওয়ান।

প্রধান অতিথি বলেন, ‘তোমরা শিক্ষার মাধ্যমে নিজের উন্নয়নে, দেশের উন্নয়নে সর্বোপরি নিজ পরিবার, সমাজ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে। তোমরা দেশের ভবিষ্যত।’ তিনি বলেন, পার্বত্যাঞ্চলে শিক্ষার উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। আলীকদম জোনের আওতায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাবিস্তারে অবদান রাখছে। দুর্গমে বসবাসরত জনগোষ্ঠীর মাঝে সাহায্য-সহযোগিতার মাধ্যমে পার্বত্য জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দুর্গমের শিক্ষার্থীদেরকে শিক্ষা সহায়তা সামগ্রী প্রদানের মাধ্যমে শিক্ষায় উদ্বুদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রাখবে সেনাবাহিনী।
ব্রিগেডিয়ার রাকিব আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকা থেকে ১১৫ জন ম্রো শিক্ষার্থী আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসে আবিসক সুবিধা নিয়ে পড়ালেখা করছে। সেনাবাহিনী তাদের পড়ালেখায় প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করে আসছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছাত্রাবাসের পরিচালক ইয়োংলক মুরুং। বিশেষ অতিথি ছিলেন আলীকদম সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল শওকাতুল মোনায়েম, পিএসসি, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দীন, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। এছাড়াও সেনা জোনের উপ-অধিনাক, জেডএসও-সহ সামরিক কর্মকর্তা, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলীকদম সেনা জোনের ব্যবস্থাপনায় ও ৬৯ পদাতিক বিগ্রেডের তত্ত্বাবধানে আলীকদম উপজেলা সদরের বাস স্টেশনে ২০০৮ খ্রিস্টাব্দে ম্রো কল্যাণ ছাত্রাবাসটি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে ৬৫ জন ছাত্র ও ৫০ জন ছাত্রীসহ ১১৫ জন ম্রো শিক্ষার্থী ছাত্রাবাসটিতে আবাসিক সুবিধা নিয়ে পড়ালেখার সুযোগ পাচ্ছে। সেনা জোন শিক্ষার্র্থীদের ভরণ পোষন, শিক্ষাসহায়ত সমাগ্রী প্রদান ছাড়াও প্রায়সময় দুর্গমের শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয় দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে থাকে।
আপনার মতামত লিখুন :